আইন-শৃঙ্খলা রক্ষা, চৌকস নেতৃত্ব আর জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ (এসপি) নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার মানবিক ও সফল পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম। রেঞ্জের জেলাসমূহের মধ্যে মে-২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তিনি এই গৌরবময় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
বুধবার (১৭ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি শেরপুরের পুলিশ সুপারের হাতে এই সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁর আভিযানিক সাফল্য ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। ময়মনসিংহ রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, মে-২০২৬ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারসহ আভিযানিক সাফল্য, জনবান্ধব পুলিশিং এবং শতভাগ পেশাদারিত্বের অভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে শেরপুর জেলা পুলিশকে রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। আর এই সাফল্যের নেপথ্য কারিগর হিসেবে এসপি জনাব এ, কে, এম জহিরুল ইসলামকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত করা হয়।
এই গৌরবময় অর্জনের পর এক প্রতিক্রিয়ায় শেরপুরের পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম এই পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও শেরপুরবাসীর সহযোগিতার ফসল হিসেবে উৎসর্গ করেন। আগামীতে শেরপুর জেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ আরও নিষ্ঠার সাথে কাজ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জাধীন বিভিন্ন জেলার সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন