শ্রীবরদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ: ২ জনকে ভারতে ফেরত পাঠাল বিজিবি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদী সীমান্তের খারামোরা এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। পরবর্তীতে সীমান্ত পিলার ১০৯৭-এর পাশ দিয়ে অনুপ্রবেশকারী ওই দুই ব্যক্তিকে পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির সুনির্দিষ্ট পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও এর সপক্ষে কোনো সঠিক তথ্য বা প্রমাণ দিতে পারেনি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, "আজ সকালে সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুইজনকে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা তাদের ভারতের সীমানায় রেখে এসেছি। সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)