শেরপুরে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন (রবিবার) সকালে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) এ, কে, এম জহিরুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোঃ সেলিম মিঞা,শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, ডা.মোবারক হোসেনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং এই ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট মাঠপর্যায়ের ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক সফলতা কামনা করেন। তিনি বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত জরুরি। তিনি ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী জেলার সকল শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর জন্য সকল পিতা-মাতার প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই জাতীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার অনুরোধ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার নির্দিষ্ট বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকেই শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন