"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। ২৯ জুন ২০২৬ (সোমবার) জেলা প্রশাসন, শেরপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জামালপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম এবং শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ, বি, এম মামুনুর রশিদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, "শিশুশ্রম প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই।" এসময় তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে একটি যুগান্তকারী ঘোষণা দেন। তিনি জানান, জেলা প্রশাসন পরিচালিত 'শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ'-এ জেলার সকল ঝরে পড়া শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। সভায় বক্তারা শিশুশ্রমের বর্তমান স্বরূপ, এর পেছনের কারণ ও তা প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করতে সচেতন সমাজ, পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন ও কলকারখানার প্রতিনিধি, অভিভাবক এবং স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন