শেরপুর সীমান্তে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি আটক: ভারতে পাচারের চুক্তি হয়েছিল জনপ্রতি ৪০ হাজার টাকায়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সীমান্তের হাড়িয়াকোনা এলাকা থেকে তাঁদের আটক করে।
আটককৃতদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তাঁদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের একটি স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সাথে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেন এই ব্যক্তিরা। চুক্তি অনুযায়ী, গত বুধবার রাতে তাঁরা ঢাকা থেকে শেরপুরে এসে পৌঁছান। পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ ভেতরে হাড়িয়াকোনা পাহাড়ি এলাকায় ভারতে প্রবেশের উদ্দেশ্যে দালালের মাধ্যমে অবস্থান নেন। বিজিবি জানায়, সীমান্তে কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তাঁরা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাঁদের সীমান্ত পার করে দেওয়ার বিকল্প পরিকল্পনা ছিল দালাল চক্রের। তবে তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এই চক্রের পেছনের স্থানীয় দালালদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)