প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে শেরপুরে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শিরোনামে এই সভার আয়োজন করা হয়। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা বিষয়ে পরিচালিত একটি সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করতেই এই মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইপিডিএস-এর সভাপতি সঞ্জীব দ্রং এবং সিপিডির ‘নাগরিকতা’ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির ডায়ালগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ বিভাগের অভ্র ভট্টাচার্য।
সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে শেরপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা প্রাপ্তির বাস্তব চিত্র, বিদ্যমান নানা চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়সমূহ বিশদভাবে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সবার জন্য সমতাভিত্তিক সেবা নিশ্চিতকরণ।"
তিনি জেন্ডার ইকুইটির (লিঙ্গ সমতা) ওপর বিশেষ গুরুত্বারোপ করে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। চণ্ডীদাসের বিখ্যাত বাণী স্মরণ করে তিনি আরও বলেন:সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”—এই চেতনা ধারণ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন সরকারি হাসপাতালে সহজে ও নির্বিঘ্নে সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।
সীমিত সম্পদ ও সামর্থ্যের মধ্যেও সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনি উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। একই সঙ্গে জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি দপ্তরসমূহের মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন জেলা প্রশাসক।
উক্ত মতবিনিময় সভায় শেরপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ (ইউএইচএফপিও), সামাজিক নিরীক্ষায় সরাসরি অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, নাগরিক গ্রুপের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন