শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাহাড়ি জনপদ বাবেলাকোনা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন কর্ণঝোড়া বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়। পরে বিওপি ইনচার্জ ও টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল বাবেলাকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো রেখে দ্রুত পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি।
কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। কাস্টমসের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গরুগুলো দ্রুত নিলামে বিক্রি করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন