FLN বাস্তবায়নে উদ্ভাবনী উদ্যোগে জামালপুর সদর উপজেলায় সাড়া আনন্দময় বাংলা-ইংরেজি রিডিং ও গণিত শিক্ষায় নতুন দিগন্ত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলায় প্রাথমিক শিক্ষায় FLN (Foundational Literacy and Numeracy) বাস্তবায়নে উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। শিশুদের আনন্দের সাথে বাংলা ও ইংরেজি রিডিং, শব্দ গঠন, বাক্য গঠন এবং গণিত শেখাতে তিনি বিভিন্ন সৃজনশীল ও কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছেন।
তার উদ্ভাবিত “FLN উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম” বর্তমানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের খেলাধুলা, শব্দ খেলা, ভাষা গঠন, গণিতের চার প্রক্রিয়া এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শেখানো হচ্ছে। ফলে শিশুরা আনন্দের সাথে শিখছে এবং তাদের শেখার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে তিনি “যোগ করি, শব্দ গড়ি, বাক্য গড়ি, ভাষা গড়ি” শিরোনামে একটি উদ্ভাবনী FLN বই রচনা করেছেন। বইটিতে গণিতের সূত্রের মাধ্যমে বাংলা ও ইংরেজি রিডিং, শব্দ গঠন, বাক্য গঠন এবং চার প্রক্রিয়াভিত্তিক শিক্ষা কার্যক্রম সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, “বর্তমান শিক্ষাব্যবস্থায় FLN অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ খোরশেদ আলমের উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের শেখাকে আনন্দময় ও কার্যকর করেছে। এটি প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে।”
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ বলেন, “শিশুরা আনন্দের মাধ্যমে দ্রুত শেখে। এই কার্যক্রমে রিডিং ও গণিতকে একত্রিত করে শেখানোর যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান বলেন, “FLN বাস্তবায়নে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী করবে। মাঠপর্যায়ে এ কার্যক্রম শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শিক্ষকরা জানান, এ কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে এবং তারা আগ্রহের সাথে পাঠে অংশগ্রহণ করছে। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং শেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা দ্রুত অগ্রগতি অর্জন করছে।
মোহাম্মদ খোরশেদ আলম জানান, “আমি চাই শিশুরা ভয় নয়, আনন্দের মাধ্যমে শিখুক। তাই রিডিং, ভাষা ও গণিতকে একত্রিত করে নতুন নতুন উদ্ভাবনী কৌশল নিয়ে কাজ করছি। ভবিষ্যতেও শিশুদের উপযোগী আরও কার্যক্রম তৈরি করার পরিকল্পনা রয়েছে।”
শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষায় FLN বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)