নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে সাড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ীতে অসাবধানতাবশত গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক দুইটার দিকে নালিতাবাড়ী পৌর শহরের বেপারীপাড়া মহল্লায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মানহা মনী ওই মহল্লার স্কুল শিক্ষক মস্তুফা আহমেদের নাতনী। সে তার মায়ের সঙ্গে নানাবাড়িতেই থাকত।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নানাবাড়িতে বসে বাদাম খাচ্ছিল শিশু মানহা। এ সময় অসাবধানতাবশত একটি গোটা বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে বাড়ির লোকজন বিষয়টি টের পান। তাঁরা তাৎক্ষণিকভাবে গলায় আটকে যাওয়া বাদামটি বের করার আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সাড়ে তিন বছরের ফুটফুটে শিশু মানহার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)