শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুই যুবকের ১ বছরের কারাদণ্ড

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদীতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দুই মাদকসেবীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (২৯ জুন) রাতে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার তাতিহাটি ইউনিয়নের চক কাউরিয়া গ্রামের সিরাজের ছেলে হানিফ (২২) এবং ফজলুল সোবহানের ছেলে আলিমুল রাজি (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোরশেদ আলমসহ পুলিশের একটি চৌকস দল চককাউরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই দুজনকে নেশারত অবস্থায় মাদক ও নেশা জাতীয় সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটককৃত উভয়কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)