জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা নয়াপাড়া খেয়াঘাট সংলগ্ন দশআনী নদীতে শুক্রবার (১০ জুলাই) উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাজিমারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসে বাংলার ঐতিহ্যবাহী এ ক্রীড়া উপভোগ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান (মমতাজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য চান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবর রহমান (মজি), নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, বাঁশকান্দা মানব কল্যাণ ফাউন্ডেশনের আশরাফুল ইসলাম (বিকট), নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশিকুর রহমান সিলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল-আমিন, নিলক্ষিয়া শ্রমিক দলের সভাপতি ইসমত দোহা হিটলার, মিজানুর রহমান শান্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় ময়মনসিংহের মহিষমারী থেকে ‘স্বাধীন বাংলা’ নৌকা, জামালপুরের সরিষাবাড়ী থেকে ‘একতা’ নৌকা এবং শেরপুরের ৭ নম্বর চর এলাকা থেকে ‘উড়াল পাখি’ ও ‘দুরন্ত’ নৌকাসহ বিভিন্ন এলাকার প্রতিযোগী দল অংশগ্রহণ করে। বৈঠার তালে তালে মাঝিদের প্রাণবন্ত প্রতিযোগিতা, দর্শকদের করতালি ও উল্লাসে পুরো দশআনী নদী উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী মো. রাসেল বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অংশ। প্রতিবছর এমন আয়োজন হলে নতুন প্রজন্মও আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।”
অপর দর্শনার্থী মো. রিপন বলেন, “দীর্ঘদিন পর এত বড় নৌকা বাইচ দেখতে পেরে খুব ভালো লাগছে। হাজারো মানুষের উপস্থিতি এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন